টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ রাত ৯টার দিকে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। তবে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া গেলেও চালু হয়নি মোবাইল ইন্টারনেট সেবা। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যায়।

মোবাইল অপারেটরগুলো সারা দেশে তাদের ফোরজি সেবা বন্ধ করে দেয় তার আগের দিন অর্থাৎ বুধবার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে অপারেটররা এ পদক্ষেপ নেয়। তাতে ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে পড়ে পুরো দেশ। অর্থনৈতিক কর্মকাণ্ড একপ্রকার বন্ধ হয়ে যায়। তাই দ্রুত ইন্টারনেট সেবা চালুর দাবি জানানো হয়। 

এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এক সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। আপাতত ঢাকা ও চট্টগ্রামে এ সেবা চালু করা হবে।’ তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন পলক।