মধ্যপ্রাচ্যের
সঙ্গে মিল রেখে চাঁদপুরের পাঁচ উপজেলার অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল
ফিতর উদযাপিত হবে।
ঈদ সামনে রেখে এরই মধ্যে এসব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি নিয়েছেন। আজ মঙ্গলবার
(৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সাদরা দরবার শরিফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত
চৌধুরী।
মূলত
বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত
হয়ে থাকে। বুধবার হাজীগঞ্জের সাদরা দরবার শরিফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত
হবে। বর্তমান পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী এই ঈদ জামাতে ইমামতি করবেন।
এছাড়া
হাজীগঞ্জের সাদরা দরবার শরিফ সংলগ্ন সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে
৯টায় আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সাদরা দরবারের পীর মাওলানা
আরিফ বিল্লাহ চৌধুরী।
সাদরা দরবার শরিফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ নিশ্চিতের ভিত্তিতে ঈদুল ফিতর উদযাপন হয়ে থাকে।










