পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সবাই নিজ নিজ ঘরে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। গতকাল সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দাতাগোষ্ঠী ও সামর্থ্যবানদের এগিয়ে আসা ইতিবাচক দিক।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ ও রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ।