বান্দরবানে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর ভাটারার সাঈদ নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক দুইজন হলেন, ফেনী সদর উপজেলার আসিফ জাহিন নেহাল (২২) ও একই এলাকার আমির হোসেন ভূঁইয়ার ছেলে মো. আসিফ হোসেন প্রান্ত (২২)।
পুলিশ জানায়, গত সোমবার সকালে ঢাকা থেকে এসে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইছা পাহাড়ের একটি রিসোর্টে ওঠে তিনজনের একটি পর্যটক দল। দলের নারী সদস্য অসুস্থ হয়ে পড়লে গতকাল সকালে রিসোর্ট থেকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। রোগীর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আজ দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বেসরকারি হিলভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর শাহরিয়ার বণিক বার্তাকে বলেন, রোগীর পানি শূন্যতাসহ তীব্র শ্বাসসকষ্টের উপসর্গ ছিল। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোগী অ্যালকোহল সেবন করেছিলেন। সে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন কিনা তা পরীক্ষা না করে বলা সম্ভব না।
বান্দরবান সদর সার্কেলের এএসপি মো. রেজা সরোয়ার বণিক বার্তাকে বলেন, দুই যুবককে আটক করা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।










