বান্দরবানে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মো. মিনহাজ নামের নয় বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের উপশহর বালাঘাটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিক্সাটি জব্দ করা হলেও চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।  নিহত শিশু বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের মো. তৈয়বের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালাঘাটা বাজারের যাত্রী ছাউনির কাছে একটি দোকান থেকে খাবার কিনে শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় হঠাৎ একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায় সে। এসময় অটোরিক্সাটির পিছনের চাকা শিশুটির মাথার ওপর দিয়ে চলে যায়। 

এর পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিত্সকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চট্টগ্রাম নেয়ার পথে শিশুটি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।