চট্টগ্রাম বন্দরের টার্মিনালে একদিনে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়, যা এ টার্মিনালের ইতিহাসে সর্বোচ্চ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, দক্ষ ব্যবস্থাপনা ও টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেডের সমন্বিত কার্যক্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তবে একই দিনে এনসিটিসহ বন্দরের সব টার্মিনাল মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা সামগ্রিক সক্ষমতার বড় অগ্রগতি হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
চলতি বছরের ১১ এপ্রিল একদিনে ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিল, যা ছিল সর্বশেষ রেকর্ড। অল্প সময়ের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করল বন্দর।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মে দিবস উপলক্ষে এ সাফল্য বন্দরের শ্রমিকদের উৎসর্গ করা হয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রম, ঘাম ও নিষ্ঠার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
চট্টগ্রাম বন্দর সৈয়দ রেফায়েত হামিম বণিক বার্তাকে বলেন, এ রেকর্ড পারফরম্যান্স দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক অগ্রগতিরও প্রতিফলন এ অর্জন।










