নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। গতকাল এক বার্তায় এ অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সংস্থাটি।

বার্তায় উল্লেখ করা হয়, এ গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে সব রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সেই সঙ্গে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন। দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সে প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও বার্তায় উল্লেখ করে জাতিসংঘ।

এর আগেও সংস্থাটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, এ গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে তিনি সব রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন।