রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার তবলছড়ি আর্ট কাউন্সিল কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো তবলছড়ি মাস্টার কলোনির বাবুল চৌধুরীর ছেলে অর্ণব চৌধুরী (১৫) ও অমিত সাহার ছেলে এডিশন সাহা (১৬)। এ ঘটনায় আহত শিবম দাশ (১৫) নামে এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবম ওই এলাকার নয়ন দাশের ছেলে।
জানা গেছে, আর্ট কাউন্সিল কলোনিসংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নামে অর্ণব, এডিশন ও শিবম। তাদের কেউ-ই সাঁতার জানত না। এক পর্যায়ে তিনজনই হ্রদের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক অর্ণব ও এডিশন সাহাকে মৃত ঘোষণা করেন। শিবম দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।










