ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় পদ্মা নদীর উভয়পাড়ে আটকে পড়ে শতাধিক পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী বাস, প্রাইভেটাকর, মাইক্রোবাস মিলে দুই শতাধিক যানবাহন। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েন দুর্ভোগে।

গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে আজ বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। একপর্যায়ে রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়ে শাহ পরান ও হাসনা হেনা নামে দুটি ফেরি। এছাড়া ছোটবড় মিলে আরো ১২টি ফেরিকে উভয় ঘাটে আটকিয়ে রাখা হয়।

একই কারণে আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত সোয়া দুইটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। উভয়ঘাটে আটকিয়ে রাখা হয়েছে পাঁচটি ফেরিকে। কুয়াশার তীব্রতা কমলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান ওই কর্মকর্তা।