নড়াইল সদর উপজেলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে (৭২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

অরুণ কুমার রায় তুলরামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের কিরণ চন্দ্র রায়ের ছেলে। খুলনার বটিয়াঘাটা সরকারি কলেজের শিক্ষক ছিলেন।

স্বজনরা জানান, তার স্ত্রী নিভা রানী পাঠক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনার উপপরিচালক। দুই ছেলেমেয়ের মধ্যে ইন্দ্রজিৎ রায় রবি কোম্পানির ইঞ্জিনিয়ার এবং মেয়ে ইন্দ্রিরা রায় চিকিৎসক।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে এসে কলাপসিবল গেটের কলিংবেল চেপে কোনো সাড়া পাচ্ছিলেন না। এরপর তিনি বাসায় ঢুকে দোতলায় বাবার বসতঘরে গলা কাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। বাড়িতে তিনি একাই থাকতেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির তিন কেয়ারটেকারকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।