অ্যানিমেল হাসবেন্ড্রি প্রকল্প আইন-২০২৩ গঠনের লক্ষ্যে সভা বন্ধের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বিক্ষোভ মিছিল ও প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ওই সভাকে প্রাণিসম্পদ সেক্টেরকে বিভাজন করার পক্ষপাতদুষ্ট উদ্যোগ আখ্যায়িত করে সেটি বন্ধের আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গতকাল অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩ গঠনকল্পে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে সভা আহ্বান করা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে ১৪টি কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভেটেরিনারি শিক্ষার্থীরা।

মানববন্ধনে সিকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক শিমুল মজুমদার বলেন, ‘গত ১০ ও ১৪ ডিসেম্বর দুটি চিঠি থেকে আমরা জানতে পেরেছি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ভেটেরিনারি কাউন্সিলের আদলে তারা পশু পালন সেক্টরের জন্য নতুন একটি কাউন্সিল গঠন করতে যাচ্ছে। যেটা একেবারেই প্রয়োজন নেই।’