পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের আগে বেতন-ভাতার বিষয়ে সমস্যা হতে পারে—এ রকম ৪৫০টি প্রতিষ্ঠানকে ক্লোজ মনিটরিংয়ের আওতায় এনে বিজিএমইএ সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্যোগ নেয়। বিজিএমইএর সরাসরি হস্তক্ষেপে সমস্যাপূর্ণ প্রায় ২৬টি কারখানার শ্রমিকদের বেতন-ভাতাদি নিশ্চিত করা হয়েছে। শতভাগ কারখানায় মার্চের বেতন এবং ঈদুল ফিতরের ভাতা পরিশোধ করা হচ্ছে। দু-একটি কারখানার বেতন-ভাতা প্রক্রিয়াধীন, যা আজকের মধ্যেই পরিশোধ হবে।

পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতা রক্ষা করে এ বছরেও পোশাক শিল্প খাতের উদ্যোক্তারা শ্রমিক ভাই-বোনদের জন্য ঈদুল ফিতর আনন্দময় করতে কষ্টের বিষয়টি উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তির শুরুতেই। বিজিএমইএর নবদায়িত্বপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান (কচি) বলেছেন, কষ্ট করে হলেও যথাযথ পাওনা পরিশোধ করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখায় পোশাক খাতের উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা, শ্রমিক নেতা ও মিডিয়াসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এসএম মান্নান (কচি) বলেছেন, সবার ঐকান্তিক সহযোগিতায় এবারো শ্রমিক ভাই-বোনেরা উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন।

বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে ঈদুল ফিতরের আগে শ্রমঘন গার্মেন্ট শিল্প সেক্টরে বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে সরকারি ছুটির দিনে পোশাক শিল্পসংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা রাখায় ব্যাংকের গভর্নর এবং সংশ্লিষ্ট সিডিউল ব্যাংকগুলোর এমডিদের ধন্যবাদ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

রফতানিমুখী পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রমসহ দেশের রফতানি বাণিজ্য সচল রাখার জন্য সরকারি ছুটির দিনে ইপিবি, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম হাউজ, আইসিডি কমলাপুর, ঢাকা কাস্টমস, মংলা কাস্টমস, বেনাপোল কাস্টমস ও পানগাঁও কাস্টম হাউজ এবং ঢাকা ও চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয় এবং একই সঙ্গে এসব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনসংশ্লিষ্ট বন্দর, ব্যাংকের শাখা ও অন্যান্য স্টেকহোলিং প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এসএম মান্নান (কচি)।

পণ্যবাহী ট্রাকে যাতে যাত্রী পরিবহন করা না হয়, তা নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেছেন, ঈদে বাড়িফেরা নিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিভিন্ন রুটে চলাচলকারী বাস, ট্রেন ও লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সে ব্যাপারে নজরদারি জোরদার করা প্রয়োজন।