ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেকার কর্মীরা।
গতকাল দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে এ অবস্থান কর্মসূচিতে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে কাজ করা দুই সহস্রাধিক বেকার কর্মী অংশ নেন। কলেজ মোড়ে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারা ২ ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কেএম রমজান আলী, সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান রাজু প্রমুখ।
বক্তারা দারিদ্র্যপীড়িত এ জেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের জোর দাবি জানান ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. আসাদুজ্জামান বলেন, ‘ন্যাশনাল সার্ভিসে কাজ করতে গিয়ে আমি সরকারি চাকরির বয়স হারিয়েছি। সরকার যেহেতু ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী আমি ভেবেছিলাম ন্যাশনাল সার্ভিস স্থায়ী করা হবে। কিন্তু দুই বছর পর যখন শেষ হয়ে গেল তখন আমি আবারো বেকার হয়ে গেলাম। এ অবস্থায় দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছি। আমি চাই ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ করা হোক।’
কুড়িগ্রাম জেলায় ২০১০ ও ২০১৪ সালে দুই বছর মেয়াদে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রায় ৩৮ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান তৈরি করে। পরে সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বন্ধ করে দিলে এসব কর্মী বেকার হয়ে পড়েন।










