রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) পরিত্যক্ত ভবন থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে মরদেহটি উদ্ধার করে কাপ্তাই থানা পুলিশ। কাপ্তাই থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মরদেহটি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনার আবুল কাশেম বাবুলের (৫৫)। তিনি একসময় মাস্টার রোলে মেশিন হাউজে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ২৬ অক্টোবর তাকে চুরির অভিযোগে চাকরিচ্যুত করে কেপিএম কর্তৃপক্ষ।
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আবুল কাশেম বাবুল তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তার পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে গত শুক্রবার কাপ্তাই থানায় বিষয়টি জানায়। গতকাল কেপিএমের একটি পরিত্যক্ত ভবনে তার মরদেহ পড়ে ছিল।










