দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ)। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। 

ফরিদপুর-৩ আসনে এ কে আজাদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট আর নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৪টি। যেখানে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৩০০ জন। যেখানে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৭৬৭ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লাখ ১ হাজার ৫৩০ জন। 

এবারের নির্বাচনে আসনটি থেকে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫৪টি কেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮২৪, বাতিল ভোট ২ হাজার ২০০। সর্বমোট ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ২৪টি।

সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে এ কে আজাদ ও শামীম হকের সঙ্গে আরো প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ কংগ্রেসের মুঈদ হোসেন আরিফ (ডাব), তার প্রাপ্ত ভোট ৪৪১; জাতীয় পার্টির এস এম ইয়াহিয়া (লাঙ্গল), তার প্রাপ্ত ভোট ৫৮৩; বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খাঁন (নোঙ্গর), তার প্রাপ্ত ভোট ২৯২; বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন (একতারা), তার প্রাপ্ত ভোট ৩২১।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, ‘প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।’