আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সরাসরি জবাব দেন, ‘নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।’
শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে অবতরণের পর রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’
এ সময় নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয় নিয়ে আমি কথা বলতে আসিনি। আমি এখানে টিটিসি পরিদর্শনে এসেছি। আগামীকাল কোর্টে যাবো, সেখানে লিগ্যাল এইড অফিস পরিদর্শন করবো।’
তিনি আরো বলেন, ‘রাজশাহী টিটিসিতে সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, এটা দেখে খুব ভালো লাগছে। রাজশাহীতে এলেই মন ভালো হয়ে যায়। এত সুন্দর আর পরিচ্ছন্ন একটি শহর, এখানকার মানুষও খুব ভালো। রাজশাহী টিটিসিকে দেখে আমি সত্যিই মুগ্ধ। আশা করি, রাজশাহী টিটিসির প্রচারে সবাই কাজ করবেন।’
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে আসিফ নজরুল রাজশাহী টিটিসির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










