উদ্বোধনের অপেক্ষায় দেশের অষ্টম সরকারি গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের অবকাঠামো নির্মাণকাজ। বসানো হয়েছে আধুনিক যন্ত্রপাতি। শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। এখন এ কলেজ থেকে বিসিএস ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর চারটি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে দেশের টেক্সটাইল সেক্টরে যেমন দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে, তেমনি টেক্সটাইল খাতকে আরো এগিয়ে নেবে সামনে।
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ২০১৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আট একর জমির ওপর ১৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং,্ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ও ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিংসহ চারটি ডিপার্টমেন্টে ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতি বছর এ কলেজ থেকে ২০০ শিক্ষার্থী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর শিক্ষাগ্রহণ শেষ করে বের হবেন দেশে ও দেশের বাইরে কর্মসংস্থান গড়ার লক্ষ্যে। কলেজটি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে চারটি বিশেষ ডিগ্রি প্রদান করবে। এটি দেশের অর্থনীতির চালিকাশক্তি ও সিংহভাগ মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি প্রকল্প। এ কলেজে রয়েছে একাডেমিক ভবন, কটন স্পিনিং শেড, ওয়েভিং, নিটিং শেড, ডাইং শেড, ওয়ার্কশপ বিল্ডিং, লাইব্রেরি, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, অধ্যক্ষের বাসভবন, অফিসার্স কোয়ার্টার, স্টাফ ডরমেটরি, সাবস্টেশনসহ ছোট-বড় ১৬টি ভবন। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পরিচালিত ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অষ্টম সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করেছে গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। দেশের টেক্সটাইল সেক্টরে দক্ষ মানবসম্পদ সরবরাহ ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এ কলেজটি স্থাপন করা হয়েছে।
কলেজটির বর্তমান অধ্যক্ষ নয়ন ঘোষ বণিক বার্তাকে বলেন, ১৫ মার্চ থেকে ক্লাস নেয়া শুরু করব আমরা। এত দিন প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের অপেক্ষায় আছি। আমরা আশা করছি, কয়েক দিনের ভেতর প্রতিষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট-বড় ১৬টি ভবন রয়েছে, যেগুলোর এখনো হস্তান্তর প্রক্রিয়া চলমান। এদিকে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব বলেন, গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি অল্প কয়েক দিনের ভেতর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে কিছু ভবন আমরা কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। বাকিগুলোর আধুনিকায়ন শেষে হস্তান্তর প্রক্রিয়ায় রয়েছে।










