ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভার খালকুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমজাদ হোসেন ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, খালকুলা গ্রামের আমজাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে চাচাতো ভাই মনোয়ার হোসেন, মুক্তার হোসেন, নবীন ও উজ্জ্বলের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে গেলে আমজাদকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।