নেত্রকোনার পূর্বধলায় আন্তঃনগর ট্রেন হাওড় এক্সপ্রেসের নিচে কাটা পড়ে চমু শেখ (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। চমু শেখ একই এলাকার বাসিন্দা এবং তিনি কানে কম শুনতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিরনপুর ও শ্যামগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চমু শেখ আজ সকালে বাড়ির কাছে রেললাইনে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলেন। এসময় মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন নেত্রকোনা থেকে ছেড়ে শ্যামগঞ্জ রেল স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে হিরনপুর (আন্তঃনগর ট্রেনের বিরতিহীন স্টেশন) অতিক্রম করে খাগড়িয়া এলাকায় পৌঁছলে ট্রেনটি বৃদ্ধের নাভির নিচ থেকে দেহ দ্বিখণ্ডিত করে চলে যায়। চমু শেখ কানে কম শোনার কারণে কিছুই বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল হক ট্রেনের কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।










