লক্ষ্মীপুরে সড়ক মেরামতের নামে টাকা আদায় নিয়ে সফিক মোল্লা নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার চররমণী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সফিক স্থানীয় মধ্য চররমণী মোহন গ্রামের মজিদ মোল্লার ছেলে।
রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় চররমনী মোহন গ্রামের আসমত আলী সড়ক (কাচা) চলমান বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সম্প্রতি তৌহিদ ও মমিনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে ওই সড়ক মেরামত করেন।
এরপর ওই সড়কে চলাচল করা যানবাহন থেকে ১০০ টাকা করে তুলতে থাকেন তারা।
শুক্রবার বিকালে অটোরিকশাচালক সফিক ও মিন্টু নামের এক মোটরসাইকেল আরোহী যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যান।
এ সময় দুজনের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন।
চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় ওই সড়ক দিয়ে অটোরিকশাচালক সফিক ফেরার পথে আবারো তাকে আটকিয়ে ৫০০ টাকা দাবি করেন।
টাকা না দেয়ায় তৌহিদ ও মমিনসহ সাত-আটজন যুবক তাকে বেধম মারধর করেন।
পরে বাড়ি ফিরে সফিক কয়েকবার বমি করে অসুস্থ হয়ে মারা যান।
খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ হাসপাতাল মর্গে পাঠান।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, সড়ক সংস্কারের টাকা তুলতে গিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
পরে অটোরিকশাচালক সফিক মারা যান।
তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে অভিযুক্ত মমিন ও তৌহিদসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
গতকাল দুপুরে বিষয়টি নিশ্চত করেন লক্ষ্মীপর সদর থানার উপপরিদর্শক কামাল উদ্দিন।
তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।












