বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ও গতকাল ভোরে সিরাজ কারবারিপাড়ার আটারগোধার পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। শুক্রবার বিকাল থেকে তারা নিখোঁজ ছিল। মারা যাওয়া শিশুরা হলো মারুফা জান্নাত (৭) ও মাহফুজা জান্নাত (৪)। তারা সিরাজ কারবারিপাড়ার মাহমুদ উল্লাহর মেয়ে।
জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাহমুদ উল্লাহ ও তার স্ত্রী তিন মেয়েকে বাড়িতে রেখে কাজে যান। সন্ধ্যার আগে বাড়িতে ফেরার পর বড় মেয়ে মাহমুদা জান্নাতের (১১) মাধ্যমে জানতে পারে মেজো ও ছোট মেয়ে বাড়িতে নেই। এরপর তারা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও দুই শিশুর কোনো সন্ধান পাননি। পরে সন্দেহ থেকে স্থানীয় লোকজন তাদের বাড়ির পাশে আটারগোধার পুকুরে খোঁজাখুঁজি করে মাহফুজা জান্নাতের মরদেহ উদ্ধার করে। এর পর গতকাল ভোরে মারুফা জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে জমে থাকা পানিতে ডুবে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের ছেলে উসমান (৩) ও বাচ্চু মিয়ার ছেলে আবদুল্লাহ (৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল উসমান ও আবদুল্লাহ। কিছুক্ষণ পর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জলাশয়ে তাদের মরদেহ ভাসতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










