বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ সভা সমাবেশে আওয়ামী লীগ প্রতিরোধ করলে পাল্টা প্রতিরোধ করা হবে। কাউকে ছেড়ে দেওয়া হবে না

 শুক্রবার (২৬ মে) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দফা বাস্তাবায়নের দাবীতে মানিকগঞ্জে জেলা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘জনগণের কথা বলার অধিকার আদায়ে, খাদ্যের অধিকার আদায়ে, চুরির বিরুদ্ধে মিছিল-মিটিং করলে প্রতিরোধের নামে আমাদের ওপর অত্যাচার চালাবেন, এটা সহ্য করা হবে না।’

তিনি আরো বলেন, ‘আজ আমাদের কথা বলার অধিকার নেই, কথা শোনার অধিকার নেই, মিটিং-মিছিল করার অধিকার নেই, পেটে ভাত নাই। দেশের টাকা লুট হয়ে যাবে, আমরা বসে বসে তামাশা দেখব? এ দেশের জনগণ ১৪ বছর এই তামাশা দেখেছে। তারা আর এই তামাশা দেখতে চায় না। দেশের জনগণ এই সরকারের পতন চায়।’

মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা রাজপথে থাকবেন এবং আওয়ামী লীগ আঘাত করলে পাল্টা দৌড়ানি দিবেন, দেখবেন একটাও থাকবে না।

তিনি বলেন, এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। একটি তত্ত্বাবধায়ক সরকার হবে, একটা নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন কমিশন হবে। তার অধীনে বিএনপি নির্বাচনে যাবে এর বাইরে বিএনপি'র কোন আপোষ নেই।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সভায়  বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।