চরমপন্থী অধ্যুষিত কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামে রাজু আহম্মেদ (৩৪) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল ভোররাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজু দরবেশপুর গ্রামের মোন্তাজ মন্ডলের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটলেও এর পেছনে চরমপন্থীদের হাত রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম নিহতের পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে বলেন, প্রতিদিনের মতো রাজু বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন পুরো বাড়ি ঘিরে ফেলে। রাজুকে তার ঘর থেকে বের করে এনে পরিবারের সদস্যদের সামনেই গুলি করে চলে যায়। গুলিবিদ্ধ রাজুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এলাকায় কয়েক স্তরের গ্রুপিং রয়েছে। নাম না উল্লেখ করে তিনি জানান, এদের মধ্যে চরমপন্থী দল শ্রমজীবী মুক্তি আন্দোলনের দুই শীর্ষ নেতারও দুটি সক্রিয় গ্রুপ রয়েছে। এ দুই নেতার সহযোগী হিসেবে এক গ্রুপে কাজ করেন সাবেক কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও অন্য গ্রুপে কাজ করেন কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন।

নিহত রাজু জেলা পরিষদ সদস্য মামুন গ্রুপের সঙ্গে জড়িত। নিহতের এক চাচাতো ভাই নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা হত্যাকারীদের চেনেন কিন্তু নাম বলতে ভয় পাচ্ছেন। চরমপন্থীদের বাইরেও আওয়ামী লীগের জেলা পর্যায়ের অনেক নেতা এ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রাজনীতির বিভিন্ন বিষয়ে বিভিন্ন গ্রুপকে সহযোগিতা দেয়। এসবেরই ফল এ হত্যাকাণ্ড।

তিনি জানান, ৪ সেপ্টেম্বর ওই একই গ্রুপ জেলা পরিষদ সদস্য মামুনকে কুপিয়ে জখম করেছিল। মামুন এখনো চিকিৎসাধীন।

এ বিষয়ে যুবলীগ নেতা আব্দুল আলিম মোবাইল ফোনে জানান, দীর্ঘদিনের বিবাদে জড়িয়ে আছে এ এলাকার অসংখ্য মানুষ। কখন কোন ঘটনায় কে কাকে মারছে সেটা বোঝা মুশকিল।

অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক: র‍্যাব-৬ ঝিনাইদহের একটি দল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জাল টাকাসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজুকে (৩৫) গ্রেফতার করেছে।

র‍্যাবের আরো দাবি গ্রেফতারের পর রাসেলের বাহিনী র‍্যাব সদস্যদের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

র?্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুমারখালী উপজেলার কয়া কলেজসংলগ্ন এলাকায় অভিযানে যায়। এ সময় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও নগদ ৫০ হাজার জাল টাকাসহ রাসেলকে আটক করা হয়।

মেজর শরিফ বলেন, আরজুকে আটকের পর সাক্ষীর জন্য নাম-ঠিকানা লেখার সময় প্রায় ৮-১০টি মোটরসাইকেল করে আরজুর লোকজন র‍্যাবের ওপর হামলা চালায়। তারা র‍্যাবের গাড়ি ভাংচুর করে বেশ কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করে।