নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে বাংলাদেশ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে চীনের সাফল্য থেকে বাংলাদেশ মূল্যবান শিক্ষা নিতে পারে। চীনা বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বাংলাদেশকে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সেমিনারে এসব কথা বলেন অতিথিরা।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গুলশানের একটি হোটেলে ‘নবায়নযোগ্য শক্তি খাতে বিদেশী বিনিয়োগ: বাংলাদেশে চীনা বিনিয়োগ কীভাবে আকৃষ্ট করা যায়?’ শীর্ষক ডায়ালগে এসব পরামর্শ দেয় গবেষণা প্রতিষ্ঠানটি।
সিপিডি মনে করে, অন্তবর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ জ্বালানি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রয়োজন।
চীনা বিনিয়োগ এক্ষেত্রে অর্থায়নের একটি বড় উৎস হতে পারে। কারণ, নবায়নযোগ্য জ্বালানি খাতে চীন বিশ্বের শীর্ষস্থানীয়। পাশাপাশি ভর্তুকির মাধ্যমে মুদ্রা অদলবদল, বিদেশী প্রতিষ্ঠানকে দেশীয় ব্যাংকগুলোকে টাকায় ঋণ দেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে ডায়ালগে আরো উপস্থিত ছিলেন, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জ্বালানি খাতে চায়নার বিনিয়োগ আনতে বেশ কিছু পরামর্শ দেন। তিনি বিনিয়োগ কারীদের কর প্রণোদনা, ভর্তুকি দেয়ার পরামর্শ দেন। সরকারি আর্থিক সহায়তায় সরকারি-বেসরকারি অংশীদারত্বকে এগিয়ে আসতে বলেন।
পাশাপাশি বৈদেশিকা মুদ্রার ঝুঁকি মোকাবিলায় সরকারকে তহবিল গঠন ও দক্ষ কর্মী তৈরিতে বিনিয়োগ করতে বলেন।










