বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, বিএনপির কথায় শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে না। নির্বাচন না করে ক্ষমতায় আসার বিকল্প কোনো পথ নেই। যদি জনপ্রিয়তা থাকে তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে দেখান। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

সোমবার (৩১ জুলাই) বিকাল ৬টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তায় পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আব্দুর রহমান বলেন, বিএনপি নির্বাচন হতে দেবে না, অথচ ক্ষমতায় আসতে চায়। তাদের লক্ষ্য নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার রাস্তা তথা আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করা।

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর পরিচালনায় শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, মধুখালী পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরীসহ আরো অনেকে।