লালমনিরহাট সীমান্তে ভারত ও বাংলাদেশ দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের ঝাউরাণী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯১২/৩-এস এর কাছাকাছি আনুমানিক ৩ কিলোমিটার ভারতের অভ্যন্তরে সিতাই উচ্চ বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি জানিয়েছে, দেশটির কোচবিহার অঞ্চলে রংপুর বিজিবি সেক্টর কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফের গোপালপুর সেক্টর কমান্ডার লেভেলের মধ্যে পরিচিতিমূলক অনানুষ্ঠানিক সৌজন্য বৈঠক ছিল।
লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, শুক্রবার অনুষ্ঠিত বিজিবির ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল করিম চৌধুরী এবং ভারতের পক্ষে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি রবীন্দ্র সিং রাওয়াত (ভিএসএম)।
রংপুর সেক্টর কমান্ডার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করে সামগ্রিক কার্যক্রম শুরু করেন। উক্ত সাক্ষাৎকারে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট এলাকার কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে সীমান্তে বিজিবি-বিএসএফের নজরদারি বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদকপাচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
সীমান্তবর্তী বাংলাদেশী জনসাধারণের উপর চোরাচালান প্রতিরোধের উদ্দেশ্যে মরণঘাতী অস্ত্র ব্যবহার তথা সীমান্ত হত্যা বন্ধ করার ব্যাপারে বিজিবি প্রতিনিধি দল বিএসএফকে অনুরোধ করেন।
এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো সুদৃঢ় করার ব্যাপারে উভয়পক্ষ সম্মত হন।










