মাগুরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চার জেলায় আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠনো খবরে—
মাগুরা: জেলার লক্ষ্মীকান্দরে কাভার্ড ভ্যানের ধাক্কায় শাহজাদা জোয়ার্দ্দার (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী আরাবি খাতুন ও প্রতিবেশী খাদিজা খাতুন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
রামনগর হাইওয়ের থানার ওসি গৌতম চন্দ্র মণ্ডল জানান, নিহত শাহজাদা ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মজিদ জোয়ার্দ্দারের ছেলে।
গাজীপুর: প্রাইভেট কারচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পথচারী। গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন মিয়া (৪২) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নেয়ামতপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
মুন্সিগঞ্জ: সিরাজদীখানে পিক-আপের ধাক্কায় অটোরিকশায় থাকা শাওন মণ্ডল নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা শইলেন মণ্ডল, মা মনিকা মণ্ডল ও রিকশাচালক। গত সোমবার সন্ধ্যায় কুচিয়ামোড়ায় পিকআপটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা: রাজধানীর বংশালে রাস্তা পার হওয়ার সময় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে শফিক উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাজিমুদ্দিন রোডের মিনাবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে কদমতলীর পোস্তগোলা ঈগল বক্সের সামনে পিকআপের ধাক্কায় মো. সেলিম মিয়া (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জের শিবালয় থানা মেহেদীপুর গ্রামের হায়াত আলী ছেলে।
ফরিদপুর: ট্রাকচাপায় সালমান খান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আকাশ প্রামাণিক (২৪) আরো এক যুবক। সোমবার রাত ৯টার দিকে পৌরসভার গঙ্গাবর্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান খান সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আইয়ুব খানের ছেলে।










