দেশব্যাপী অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ১২ ডিসেম্বর এ ক্যাম্পেইনে সিলেট জেলায় ৪ লাখ ৩৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। বৃহস্পতিবার সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী এ তথ্য জানান।
সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. স্নিগ্ধা তার প্রেজেন্টেশনে জানান, সিলেট জেলায় মোট স্থায়ী কেন্দ্র ১৩টি এবং অস্থায়ী কেন্দ্র ২ হাজার ৪০০টি। এ কেন্দ্রগুলোয় ১২ ডিসেম্বর ৬-১১ মাস বয়সী ৪৭ হাজার ৬৫৫টি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৮৬ হাজার ৪৩১টি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস সিলেটের উপপরিচালক মো. সালাহ উদ্দিন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার স্বপ্নীল রায়।










