‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না’ এমন একটি সাধারণ বাক্য প্রায় দোকানে ঝুলিয়ে রাখতে দেখা যায়। বাকি বিক্রি বন্ধ করতে সাধারণত এমন কাজ করেন দোকানিরা। তবে এসব ধারণা থেকে বেরিয়ে পঞ্চগড়ে দুস্থদের জন্য বাকিতে পণ্য বিক্রির হাট বসিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। গতকাল দুপুরে পঞ্চগড় চেম্বার কনভেনশন হলে এ হাট উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন।

বাকিতে প্রায় দেড় লাখ টাকার ২৫টি পণ্য বিক্রি করা হয়। চাল, ডাল, তেল, লবণ, চিনি, মুরগি, মাছ, স্টেশনারি, জুতা, ব্যাগ, ছাতাসহ দেড় লাখ টাকার পণ্য দিনব্যাপী ২৫০ জন বাকিতে ক্রয় করেন। এর আগে বিদ্যানন্দের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জরিপের মাধ্যমে অভাবী পরিবার চিহ্নিত করে নির্দিষ্ট কার্ড দেন। সে কার্ড দেখিয়ে পরিবারগুলো ‘বাকির হাট’ থেকে কেনাকাটার সুযোগ পায়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ সাংবাদিকদের জানান, তাদের প্রতিটি সেবামূলক কাজের পেছনে একটি বার্তা থাকে। বাকির হাটের মাধ্যমে তারা সমাজের মানুষ যেন আরেকজন মানুষকে সাহায্য করে, এমনই একটি বার্তা দেয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে সাহায্য চাওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং সাহায্য প্রার্থীকে সাহায্য করা মানবিক একটি দায়িত্ব। এ দায়িত্বের কথাই বিদ্যানন্দ স্মরণ করিয়ে দিয়েছে এমন উদ্যোগের মাধ্যমে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজউদ্দিন জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ এটি। দুস্থদের জন্য এ ধরনের হাট আরো প্রয়োজন। তিনি সমাজের বিত্তবানদের বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো এগিয়ে আসার আহ্বান জানান।