লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় মাত্র ৪২ দিনেই নাটোর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শেষ হয়েছে। এ সময়ে তিন হাজার চার টন চিনি উৎপাদিত হয়েছে। আখ মাড়াই হয়েছে ৫৫ হাজার ৯৫৯ টন। 

চিনিকল সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ছিল  ৫০ হাজার টন। এতে চিনি উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল তিন হাজার টন। ৪৫ কর্মদিবসে চিনি আহরণের হার ধরা হয়েছিল ৫ দশমিক ৫০ শতাংশ। কিন্তু ৪২ কর্ম দিবসেই মিলটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ সময়ে ৫০ হাজার টন আখ মাড়াই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত প্রায় ছয় হাজার টন আখ মাড়াই করতে সক্ষম হয় এ চিনিকল। অন্যদিকে তিন হাজার টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে অতিরিক্ত চার টন চিনি উৎপাদন হয়েছে। আখ মাড়াই কার্যক্রমে চিনি আহরণের হার ছিল ৫ দশমিক ৩৬ শতাংশ।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর বলেন, সোমবার রাতে চিনি উৎপাদনের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়।