পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
ড. হাছান মাহমুদ বলেছেন, বুয়েটে যেমন ছাত্র রাজনীতি থাকা উচিত তেমনই শিক্ষার পরিবেশ
যেন বজায় থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিএসসি প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন
সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সব অর্জনের সঙ্গে ছাত্র রাজনীতি
এবং ছাত্রলীগ যুক্ত। আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পরবর্তী সময়ে
দেশ গঠন এবং এরশাদ ও জিয়া যখন আমাদের গণতন্ত্রকে শিকল পরিয়েছিল, গণতন্ত্রকে বন্দী
করেছিল সে গণতন্ত্র মুক্ত করার লক্ষ্যে ছাত্রলীগ ভূমিকা রেখেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েটে ছাত্র রাজনীতিই অবদান রেখেছে, সে
ছাত্র রাজনীতি থেকে অনেক দেশ বরেণ্য রাজনীতিবিদের জন্ম হয়েছে যারা দেশকে নেতৃত্ব দিয়েছে,
দিচ্ছে। কিন্তু আমি অবাক সেখানে একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধ
করা হয় এবং ছাত্র রাজনীতি বন্ধের জন্য আবার সেখানে আন্দোলনও হয়। এটি কোনোভাবেই গণতান্ত্রিক
নয় এবং হঠকারী সিদ্ধান্ত বলেই আদালত বিশ্ববিদ্যালয়ের সে আদেশ বাতিল করেছে এবং সেখানে
ছাত্র রাজনীতি দুয়ার খুলেছে।
ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রলীগকে বলব সেখানে যেন নিয়মতান্ত্রিক
ছাত্র রাজনীতি হয়, হিংসা-বিদ্বেষের রাজনীতি যেন না ঢোকে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন, এর
মাধ্যমে ভবিষ্যতের নেতা তৈরি হয়।
এ সময় নিজের জীবনের উদাহরণ দিয়ে হাছান বলেন, আমি ১৫ বছর বয়সে ক্লাস
টেনে পড়ার সময় থেকে ছাত্রলীগের কর্মী, ১৬ বছর বয়সে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ
সম্পাদক হয়েছি।
মন্ত্রী বলেন, রাজনীতি যে দেশ ও মানুষের সেবা এবং সমাজ পরিবর্তনের
একটি ব্রত, সেটি অনেক রাজনীতিবিদরা ভুলে গেছে, প্রকৃতপক্ষে রাজনীতি কারো পেশা হওয়া
উচিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বস্তুগত উন্নয়নের সঙ্গে একটি মানবিক
ও সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। সে লক্ষ্যেই বঙ্গবন্ধুকন্যা বহু কল্যাণ ভাতা
চালু করেছেন। সেই ব্রত ধারণ করেই আজকে ছাত্রলীগ দুস্থ অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী
বিতরণ করার উদ্যোগ নিয়েছে এজন্য তাদেরকে অভিনন্দন। সভা শেষে সামগ্রী নিতে সমবেত মানুষের
মাঝে উপহার বিতরণ করেন মন্ত্রী।










