পর্যটককে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া দিতে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে ফুলসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। নিজস্ব অর্থায়নে বৃক্ষরাজির মাধ্যমে সড়ক সজ্জিতকরণ এ কর্মসূচি পরিচালনা করছে তহিজংডং নামের স্থানীয় একটি উন্নয়ন সংস্থা। গতকাল বিকালে বান্দরবান পৌরসভার শেষ সীমানা থেকে রোয়াংছড়ি উপজেলার ময়নাতলী পর্যন্ত সড়কটির দুই পাশে এসব চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজী।

এ সময় উপস্থিত ছিলেন পাল্পউড প্লান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বান্দরবান পাহাড়ি ও পর্যটন জেলা। পর্যটকের কাছে সবুজ পাহাড় উপস্থাপন করতে চাই।