সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারি করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ইন্টারপোলের কাছে গত রোববার (১০ নভেম্বর) এই অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে। কিন্তু তিনি বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে চলে গেছেন। এ কারণে তাকে যাতে গ্রেফতারের ব্যবস্থা নেয়া হয় এবং তার বিরুদ্ধে অন্তত রেড অ্যালার্ট জারি করে, সে ব্যাপারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা হিসেবে ইন্টারপোলকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ সব পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।