আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী প্রার্থী হতে হলে অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে হবে। স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজন হলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় এ-সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসতে পারবেন প্রার্থীরা।
গতকাল নির্বাচন কমিশন (ইসি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আগে মনোনয়নপত্র জমা দেয়ার অনুরোধ করা হয়।
গত বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে। এসব উপজেলায় তিনটি পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল।
গতকাল ইসির জনসংযোগ পরিচালক এক বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না। কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে মনোনয়নপত্র দাখিলের শেষদিনের অপেক্ষা না করে পূর্বেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে।
দেশের ৪৯৫ উপজেলায় এবার চার ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৮ মে, দ্বিতীয় ধাপে ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোট হবে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমায় বাধা দেয়ার পর তৎকালীন কমিশন অনলাইনে মনোনয়ন জমা নেয়ার উদ্যোগ নেয়। পরে জেলা পরিষদের ভোটে এ সুযোগ থাকলেও প্রার্থীদের অনাগ্রহে তাতে সাড়া পায়নি ইসি।
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে অন্তত ৩৯ জন অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়। বর্তমান কমিশন আচরণবিধি প্রতিপালনের সুবিধার কথাও বিবেচনায় নিয়েছে, তাই অনলাইনে মনোনয়নপত্র জমার বিষয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছে। অনলাইনে মনোনয়নপত্র জমা উন্মুক্ত থাকলেও নতুন অ্যাপে ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনেও তেমন সাড়া মেলেনি।
এবার বিধি সংশোধন করে উপজেলা ভোটে সব পদে অনলাইনে মনোনয়নপত্র জমা বাধ্যতামূলক করা হলো। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পোর্টালে https://onss.ecs.gov.bd/ নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর মোবাইল নম্বর ও ই-মেইলে ইউজার নেম, পাসওয়ার্ড পাওয়া যাবে। এনআইডি বায়োমেট্রিক ফিচারে প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর চেহারা শনাক্ত করতে হবে। এরপর লগইন করে মনোনয়নপত্র মিলবে। প্রার্থী পোর্টালে পর্যায়ক্রমে মনোনয়ন, ব্যক্তিগত তথ্যাদি, হলফনামা ও অন্যান্য কাগজপত্র স্ক্যান করে যুক্ত করতে হবে।
অনলাইনে জামানতের অর্থ জমা দিয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। অনলাইনে পাওয়া প্রতিটি মনোনয়নপত্রে স্বয়ংক্রিয়ভাবে মনোনয়নপত্র বাছাইয়ের স্থান, তারিখ, সময় এবং প্রাপ্তি স্বীকার রশিদ ও বাছাইয়ের নোটিস অনলাইনে প্রার্থীকে পাঠাবেন রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার প্রয়োজনে অনলাইনে জমা দেয়া কাগজপত্রের মূল কপি বাছাইয়ের দিন দাখিলের জন্য বলতে পারেন। একই এলাকার জন্য এক ব্যক্তি একাধিক মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না।









