কুড়িগ্রামের নাগেশ্বরীর বিয়েবাড়িতে গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে তহুরন নেছা নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে কনের বাড়িতে। এ ঘটনায় বর পক্ষের বরসহ ১২ জনকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। নিহত বৃদ্ধ কনের দাদি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলেরহাট গ্রামের নূর জামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়ি আসার পর খাবার শেষে কনে সাজাতে গিয়ে বর পক্ষের দেয়া গহনা নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কনে পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে কনের দাদি তহুরন নেছা মার যান।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ১২ জনকে আটক করা হয়েছে।