চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিসে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরজেদ আলী ভুট্টু অফিস কক্ষ থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নয়জনকে আটক করেছে।
চেয়ারম্যান আরজেদ আলী ভুট্টু জানান, ৮ নম্বর ওয়ার্ডের চুরিওয়ালার মোড়ে সরকারি জায়গায় অবৈধভাবে একটি ক্লাব ঘর ইট দিয়ে নির্মাণ করছিল কয়েকজন। খবর পেয়ে গ্রামপুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করা হয়। ওই এলাকার খলিলুর রহমান নামের এক ব্যক্তি আমাকে ফোন করে অফিসে থাকতে বলে। পরে তার নেতৃত্বে একদল সন্ত্রাসী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবেশ করে।










