বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম ভোট দিয়েছেন। আজ সোমবার (১২ জুন) সকাল সোয়া ৮টায় শহরের রূপাতলী হাউজিং এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফয়জুল করিম।ভোট দিয়ে তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ফয়জুল করিম সাংবাদিকদের বলেন, যদি মানুষ ভোট দিতে পারে, তাহলে তিনি আশা করছেন, সর্বোচ্চ ভোট পেয়ে তার হাতপাখা প্রতীক জয়ী হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী বলেন, ‘প্রশাসনকে বলব রেজাল্ট কোনোভাবেই যেন কারচুপি না করা হয়। ফলাফল আমাদের প্রিন্টিং কাগজে দেওয়ার জন্য অনুরোধ করেছি। আর এখন পর্যন্ত পরিস্থিতি ভালো না খারাপ তা বোঝা কঠিন কারণ শুধুমাত্র ভোটগ্রহণ শুরু হয়েছে। পরিস্থিতি কখন যে মেঘ থেকে বন্যায় রূপ নেয় তা তো জানি না।’ তবে যদি সুষ্ঠু-সুন্দর নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে ফলাফল যা আসবে, তা তিনি মেনে নেবেন।