রাজশাহীর তানোরে শিশুসন্তানসহ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে আলিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাঁচন্দর উত্তরপাড়ার আব্দুর রহিমের মেয়ে নিপা খাতুন (২২) ও তার শিশুপুত্র নূর হোসেন (৫)। গ্রেফতার আলিউল ইসলাম একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর পূর্বপাড়া এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, ছয় বছর আগে পরিবারের সম্পতিতে নিপা খাতুনের সঙ্গে আলিউল ইসলামের বিয়ে হয়। একসময় মাদকাসক্ত হয়ে পড়েন আলিউল। এ নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন স্বামী। প্রাণ বাঁচাতে বছরখানেক আগে স্বামীর নামে আদালতে মামলা করেন নিপা খাতুন। এর পর থেকে তিনি শিশুসন্তানসহ বাবার বাড়িতেই ছিলেন।

তানোর থানার ওসি আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার শিশু নূরের খাতনা হয়েছে। খবর পেয়ে গতকাল বিকালে ছেলেকে দেখতে শ্বশুরবাড়িতে আসেন আলিউল। ওই সময় বাড়িতে নিপা ও তার শিশুসন্তান ছিলেন। ফাঁকা বাড়িতে স্ত্রী ও শিশুসন্তানকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন আলিউল। টের পেয়ে প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলে। পরে পিটুনি দিয়ে আটকে রাখে জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তাকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। পুলিশ হেফাজতে আলিউল তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।