মিরসরাইয়ে রাতের অন্ধকারে জেলেপাড়ায় ১০টি বসতঘরে হামলা করেছে সন্ত্রাসীরা। মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোকে কেন্দ্র করে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ বালিয়াদী জেলেপাড়ায় স্থানীয় মাসুদের নেতৃত্বে ৩০-৩৫ সন্ত্রাসী বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালায়। হামলায় কেউ হতাহত না হলেও ঘটনার পর থেকে শতাধিক জেলে পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় বাদল জলদাস বাদী হয়ে বালিয়াদী এলাকার মো. মামুনের ছেলে মাসুদসহ অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করে মিরসরাই থানায় একটি অভিযোগ করেছেন।
এদিকে ঘটনার পর ৯৯৯ ফোন পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় মিরসরাই থানা পুলিশ। এছাড়া গতকাল দুপুরে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবীব আব্দুল্লাহ ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দক্ষিণ বালিয়াদী জেলে পাড়ার সর্দার রাজীব জলদাস জানান, বাদল জলদাসের ছেলে জয়দেব জলদাস বৃহস্পতিবার রাত ৮টায় স্থানীয় নতুন বাজার এলাকায় মোবাইল ফোন রিচার্জ করতে যাওয়ার সময় মোবাইলের
ফ্ল্যাশ লাইট জ্বালায়। যাওয়ার পথে রাস্তায় মাসুদসহ তিন-চারজন যুবক দাঁড়ানো ছিল। লাইটের আলো তাদের গায়ে পড়া নিয়ে মাসুদ ও তার সহযোগীরা জয়দেবকে চড়-থাপ্পড় দেয়। পরে জয়দেবের বাবা বাদল জলদাস তার ছেলেকে কেন মেরেছে মাসুদের কাছে জানতে চাইলে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামশেদ আলম ঘটনাস্থলে আসেন। এ সময় দুই পক্ষের কথা শুনে তিনি গতকাল সকাল ১০টায় একটি বৈঠকের সিদ্ধান্ত দেন। ইউপি সদস্য বৈঠকের সিদ্ধান্ত দিয়ে বের হয়ে যাওয়ার আধাঘণ্টা পর রাত সাড়ে ১১টায় মাসুদের নেতৃত্বে ৩০-৩৫ সন্ত্রাসী ককটেল ফুটিয়ে ১০টি জেলে পরিবারের বসতঘরের ওপর হামলা চালায়।










