চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নির্মাণাধীন একটি কারখানা ভবনের চার তলা থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জামিনুর রহমান (৩৫) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব ফুটা পাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। গতকাল বসুন্ধরা গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

একই কারখানার শ্রমিক আতিকুর রহমান আলাল বলেন, গতকাল দুপুরে শ্রমিক জামিনুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এলাকায় বসুন্ধরা গ্রুপের নির্মাণাধীন কেমিক্যাল ফরমিক সেক্সনের চার তলায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।