পিরোজপুরের মঠবাড়িয়ায় পিরোজপুর-ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী দুই কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার ধানীশাফা ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরেক কিশোর।
দুর্ঘটনায় নিহত রাব্বী (১৬) তেতুলবাড়ীয়া গ্রামের কাতার প্রবাসী জাহাঙ্গীর ফরাজীর একমাত্র ছেলে, অপর জন তার বন্ধু ইমন একই গ্রামের সৌদি প্রবাসী হালিম ব্যাপারীর ছেলে। আহত হয়েছে তাদের আরেক বন্ধু রাকিব। নিহত দুজনই শাফা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
মঠবাড়িয়ার ধানীশাফা ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ জানান, রাব্বী তার দুই বন্ধুকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজে মটর সাইকেল চালিয়ে শাফা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় মধ্য তেতুলবাড়িয়া এলাকায় মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাদের মঠবাড়িয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করে।
মঠবাড়িয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক চঞ্চল গোলদার বলেন, রাব্বীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত ইমন ও রাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে ইমন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাফা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নিহত রাব্বি ও ইমনের সহপাঠী মো. মুয়াজ জানায়, রাব্বি ও ইমন আমাদের সাথে শাফা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে আর রাকিব পড়াশোনা করে না।










