রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লংতিয়ান পাড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন ইউনিয়নের দুর্গম নতুন বেটলিং পাড়া গ্রামের বাসিন্দা মেলাতি ত্রিপুরা (৫০) ও তার স্বামী বাহন ত্রিপুরা (৫৫)।

মেলাতির বাবার বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে মারা যান তারা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা জানান, সাজেকে আজ রাতে ডায়রিয়া আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আমরা ধারণা করছি খাবারের সমস্যা থেকে তাদের ডায়রিয়া হয়েছে। তারা একটা অনুষ্ঠানে যোগ দিতে শ্বশুর বাড়ি লংতিয়ান পাড়ায় আসেন। সেখানে খাওয়া-দাওয়া করেছেন। আমাদের জানা মতে, সেখানে আর কোনো রোগী না থাকায় মেডিকেল টিম পাঠাচ্ছি না।

তবে ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বন বিহারী চাকমা জানান, কারবারির মাধ্যমে আরো দুজন ডায়রিয়ায় অসুস্থ আছে বলে আমি খবর পেয়েছি। ইউনিয়ন পরিষদ থেকে তাদের জন্য ওষুধ পাঠানো হয়েছে।

এর আগে ইউনিয়নের লংতিয়ান পাড়ায় ৭ জুন দুজনের মৃত্যু হয় ডায়রিয়ায়। আক্রান্ত হয় আরো ৩৯ জন। তখন জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুর্গম ওই গ্রামে তিনটি মেডিকেল টিম পাঠানো হয়। তারা ৮ জুন কাজ শুরু করেন। রোগী সুস্থ হওয়ার পর ১৩ জুন ফিরে আসেন।