ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে কান দেয়ার প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল সকালে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে জানিয়ে খালিদ হোসেন বলেন, মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে। পবিত্র কুরআনেও বলা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।

উপদেষ্টা বলেন, ১৬ কোটি টাকা ব্যয় করে মসজিদটি নির্মাণ করছে সরকার। এখন এলাকাবাসীর দায়িত্ব মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সবাইকে নিয়মিত মসজিদমুখী করা। মসজিদকে সচল রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কেননা নামাজ সবাইকে সব খারাপ কাজ থেকে মুক্ত রাখে ও মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করে এবং মূল্যবোধ সমুন্নত রাখে।

জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌর প্রশাসক এসএম মঞ্জুরুল হক ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিন।