নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে গতকাল ভোররাতে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি পিস্তল ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল দুপুরে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর জানান, গতকাল ভোররাতে নরসিংদী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. আবুল বাশারের নেতৃত্বে ইসলাম হত্যা মামলার পলাতক আসামি সনেট, রাকিব ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি পিস্তল ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ১ জুলাই পূর্ব বিরোধের জের ধরে নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলায় জনৈক ইসলামকে হোসেন মার্কেটের নিচে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।