কলসিন্দুরের সাফজয়ী আট ফুটবলকন্যাকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ সিটি করেপোরেশন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজিত বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

এ সময় নারী ফুটবলারদের উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করা হয়। প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট ও ৫০ হাজার টাকা। মারিয়া মান্দা অনুপস্থিত থাকায় তার পক্ষে ক্রেস্ট ও অন্যান্য উপহার গ্রহণ করেন কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার।

সংবর্ধনা অনুষ্ঠানে মসিক মেয়র ইকরামুল হক বলেন, কলসিন্দুরের ৮ নারী ফুটবলার জাতীয় তারকা ফুটবলারদের মতো বাংলার বাঘিনী। তাদের নিয়ে দেশ ও জাতি গর্ব করছে। তারা দেশের মান-সম্মান বৃদ্ধি করেছে, প্রধানমন্ত্রীর সম্মানও বৃদ্ধি করেছে। তাদের সংবর্ধনা জানাতে পেরে আমরা গর্বিত।

‘ময়মনসিংহবাসী সবসময় আমাদের পাশে ছিলেন’ উল্লেখ করে এ সময় সংবর্ধিত খেলোয়াড় সানজিদা আক্তার বলেন, তাদের ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। সবার ভালোবাসায় যে সাফল্য আমরা অর্জন করেছি তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলরসহ অনেকে।

সংবর্ধনার শেষে নারী ফুটবলারদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।