সাহসের সঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‌অবৈধ সরকারের সব দমন-নিপীড়ন উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।’ গতকাল এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নীরব জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘‌সাইফুল আলম নীরব সব মিথ্যা মামলায় জামিনে মুক্তিলাভের পর আবারো তার বিরুদ্ধে নতুনভাবে সাজানো ভুয়া মামলায় গ্রেফতার ও কারান্তরীণের ঘটনায় প্রমাণিত হয় যে, দখলদার আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিরোধী দল ও মতকে ধ্বংস করে একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে মরিয়া। প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতে মিথ্যা মামলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পাওয়া সত্ত্বেও পুনরায় নতুন মামলায় গ্রেফতার অব্যাহত রেখেছে সরকার।’