চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা দেয়ার ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ। দায়িত্ব অবহেলার অভিযোগে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।
তিনি জানান, শুক্রবার বিকালে গেইটম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে দায়িত্ব অবহেলার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সাদ্দাম হোসেনকে বড়তকিয়া এলাকা থেকে আটক করে পুলিশ। তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার আসামি সাদ্দামকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খোরশেদ আলম জানান, শুক্রবার রাতে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।










