বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারে গিয়ে ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন ।

এ সময় তিনি বাজারের ভোজ্যতেলের ডিলার,পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সঙ্গেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা জানান, তারা চাহিদা দিয়েও তেলের সরবরাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে।

আর ক্রেতারা জানান, বোতলজাত সয়াবিন বাজারে কম, তবে দাম বাড়েনি। খুচরা বিক্রেতারা আরো জানান বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা যায়, দুটি ব্রান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বেশিরভাগ ব্রান্ডের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ছিল প্রায় স্বাভাবিক। এ সময় কয়েকটি দোকানে নতুন ব্রান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা যায়। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত হবে বলে আশ্বাস দেন।