রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক আরো এক শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন কয়েকজন শিক্ষক। আশিকুর রহমান নামে ওই শিক্ষার্থীকে বৃহস্পতিবার রাতে নগরীর মতিহার থানা থেকে ছাড়িয়ে আনা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি হওয়ার কথা ছিল। ওই কর্মসূচিতে অংশ নিতে আশিকুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করেন। সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটকের তথ্য জানতে পেরে সন্ধ্যায় দুজন সহকারী প্রক্টর থানায় যান। পরে আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খানও থানায় যান। তারা গিয়ে ওই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে আনেন।

মতিহার থানার ওসি শেখ মো. মোবারক পারভেজ জানান, যাচাই-বাছাই শেষে ওই শিক্ষার্থীকে শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে গত বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তাদের ছাড়াতে রাতভর থানায় অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের মধ্যে চারজনকে ছাড়িয়ে আনেন তারা। বাকি তিনজনকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।