সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসচালকের সহযোগী (হেলপার) রশিদ আহমদকে গ্রেফতার করেছে পিবিআই। গতকাল সকালে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইয়ারগাঁও থেকে তাকে গ্রেফতার করে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে করে আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও সহযোগী মিলে তাকে উত্যক্ত করার একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ২৬ ডিসেম্বর রাতে ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক-হেলপারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বাসের চালক-হেলপার পলাতক ছিল। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জের পুলিশ এ ব্যাপারে অবগত নয়।